ব্যাটাররা ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারিনি: সাইফ হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৮ এপ্রিল ২০২৬
ব্যাটাররা ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারিনি: সাইফ হাসান

নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ভালো অবস্থায় থেকেও হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ম্যাচ জয়ের সুযোগ হাতছাড়া হওয়া বাংলাদেশ হেরে গেছে ২৬ রানে। ব্যাটারদের এমন পারফর্ম্যান্সে হতাশ বাংলাদেশের ওপেনার সাইফ হাসান।

রান তাড়া করতে নেমে ২১ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে সাইফ-লিটন দাস জুটিতে আসে ৯৩ রান। এই জুটিতে লড়াইয়ে ফিরলেও পরের দিকের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। সাইফের মতে, উইকেটে সেট হওয়া ব্যাটারদের বড় ইনিংস খেলার পাশাপাশি ম্যাচ শেষ করে আসা উচিত ছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফ হাসান বলেন, ‍“শুরু থেকেই উইকেট চ্যালেঞ্জিং ছিল। কিন্তু উইকেটে সেট হয়ে গেলে ব্যাট করা সহজ হয়ে যেত। নতুন ব্যাটারদের জন্য এটা কঠিন। আমি আরও কিছুক্ষণ থাকতে পারলে দলের জন্য কাজটা সহজ হতো।”

স্ট্রাইক রোটেট করে খেলার প্রয়োজন ছিল বলে মনে করেন সাইফ। বলেন, “অবশ্যই উন্নতির আরও অনেক ক্ষেত্র আছে। উইকেট চ্যালেঞ্জিং ছিল, তবে আরও ভালো স্ট্রাইক রোটেশন করে খেললে আমাদের জন্য ভালো হতো।”

তবে উইকেটের সাথে মানিয়ে নিতে ব্যাটাররা চেষ্টা করেছে বলে জানান সাইফ। তারপরও ব্যাটারদের ব্যর্থতার জন্য কোনো অজুহাত দিতে রাজি নন এই টাইগার ওপেনার।

সাইফ বলেন, “আমরা পেশাদার ক্রিকেটার এবং ভিন্ন ভিন্ন অবস্থার সাথে মানিয়ে নিতে হবে। আমরা দীর্ঘ সময় ধরে লড়াইয়ে ছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ সময় উইকেট হারিয়ে পিছিয়ে পড়ি। ড্রেসিংরুম থেকে পরিষ্কার বার্তা ছিল। কিন্তু আমরা ঠিকঠাক নিজেদের দায়িত্ব পালন করতে পারিনি।

হার দিয়ে সিরিজ শুরু করলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেন সাইফ। বলেন, “নিউজিল্যান্ড খুবই ভালো দল। আমরা পরের ম্যাচেই আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করবো।”



শেয়ার করুন :