টেস্ট ইতিহাসে নিজেদের ঘরের মাঠে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড গড়ার পর সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস এবং ৪৭ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে এ জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
সিলেট টেস্টে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অলআউট করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮৬ রান করা আয়ারল্যান্ডের বিপক্ষে মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম ইনিংস থেকে পাওয়া ৩০১ রানের লিড বিপরীতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল আয়ারল্যান্ড। তবে টাইগার বোলারদের বিপক্ষে পেরে উঠেনি তারা।
দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৮৬ রান করেছিল আয়ারল্যান্ড। ফলে ইনিংস হার এড়াতে ৫ উইকেট হাতে নিয়ে ২১৫ রান পিছিয়ে ছিল সফরকারীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) ব্যাট করতে নেমে বাকি পাঁচ উইকেটে মাত্র ৩৯ রান যোগ করতে পারে আইরিশরা। ফলে ইনিংস এবং ৪৭ রানের ব্যবধানে জয় তুলে নেয়ে নাজমুল হোসেন শান্তর বাংলা টেস্ট দল।
আইরিশ ব্যাটারদের বিপক্ষে বল হাতে দুই ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট (২+৪) শিকার করেছেন হাসান মুরাদ। এছাড়া তাইজুল ইসলাম ৫টি (২+৩), নাহিদ রানা ৩টি (১+২), মেহেদী হাসান মিরাজ ৩টি (৩+০) এবং হাসান মাহমুদ ২টি (২+০) উইকেট শিকার করেন।
এ ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ৫শ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের হয়ে এর আগে দুই বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক এবং এনামুল হক জুনিয়র প্রথম শ্রেণির ক্রিকেটে ৫শ উইকেট শিকার করেছিলেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ১৭১ রানের ইনিংস (প্রথম ইনিংসে) খেলে ম্যাচ সেরা হয়েছেন ওপেনাম মাহমুদুল হাসান জয়। এছাড়া ব্যাট হাতে অপর ওপেনার সাদমান ইসলাম ৮০, মমিনুল হক ৮২, অধিনায়ক নাজমুল হোসের শান্ত ১০০ এবং লিটন কুমার দাস ৬০ রানের ইনিংস উপহার দিয়েছিলেন।
