ডারউইন টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ৪২৬ রানে। ফলে প্রথম ইনিংস থেকে ২২৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসানের ব্যাট হাতে ফিফটি রানের ইনিংস খেলেছেন।
ডারউইনের মারারা স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর প্রথম দিন ১ উইকেটে ৯৬ রান এবং দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়ে ছিল টাইগাররা।
শনিবার তৃতীয় দিন বাকি ৪ উইকেটে ৭৫ রান যোগ করে ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩ রান নিয়ে খেলতে নেমে ১৪ রানে থামেন হাসান মাহমুদ। আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা মিরাজ হাফ-সেঞ্চুরির তুলে সাজঘরে ফিরেন। ৫ চার ও ১ ছক্কায় ৬৫ রান করেন তিনি।
এছাড়া তাইজুল ইসলাম ১৭ ও এবাদত হোসেন ৭ রানে আউট হন। ১৪ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। এর আগে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান ১০১, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৪, মমিনুল হক ৪৯ ও মুশফিকুর রহিম ৩৬ রান করেন।
অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ৮৯ রানে ৬ উইকেট নিয়েছেন।
