১৬১ রানে ৪ উইকেট নেই অস্ট্রেলিয়ার, তৃতীয় দিন শেষেও এগিয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৫ আগস্ট ২০২৬
১৬১ রানে ৪ উইকেট নেই অস্ট্রেলিয়ার, তৃতীয় দিন শেষেও এগিয়ে বাংলাদেশ

প্রথম ইনিংস থেকে ২২৮ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। যার ফলে ডারউইন টেস্টে তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে আছে সফরকারী বাংলাদেশ।

প্রথম ইনিংসে ১৯৮ রানের জবাবে ৪২৬ রান করে বাংলাদেশ। এতে ২২৮ রানের লিড পায় টাইগাররা। বড় ব্যবধানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে এখনও ৬৭ রানে পিছিয়ে অসিরা।

ডারউইনের মারারা স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে ১৯৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়ে ছিল টাইগাররা। মেহেদি হাসান মিরাজ ৩২ ও হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন অস্ট্রেলিয়া পেসার জশ হ্যাজেলউডের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান হাসান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৯২ বল খেলে ১৪ রান করেন হাসান। সপ্তম উইকেটে মিরাজের সাথে ১৭০ বলে ৪৬ রান যোগ করেন বল হাতে ৬ উইকেট নেওয়া পেসার হাসান।

৯ নম্বরে নেমে ১টি করে চার-ছক্কায় দ্রুত রান তোলার চেষ্টা করেন তাইজুল ইসলাম। তবে হ্যাজেলউডের বলে গালিতে ক্যামেরন গ্রিনকে ক্যাচ দেন তিনি। ২৩ বলে ১৭ রান করেন তাইজুল।

দলীয় ৩৭২ রানে তাইজুল ফেরার পর বাংলাদেশের রান ৪শ পার করেন মিরাজ ও তাসকিন আহমেদ। তখন বাংলাদেশের লিড ২শ ছাড়িয়ে যায়। এ সময় টেস্টে দশম হাফ-সেঞ্চুরির দেখা পান মিরাজ।

দ্বিতীয় সেশনের প্রথম ওভারে বিদায় নেন মিরাজ। হ্যাজলউডের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন তিনি। ৫ চার ও ১ ছক্কায় ৬৫ রান করেন মিরাজ। তাসকিনের সাথে দলকে ৪৬ রান উপহার দেন এই ডান-হাতি ব্যাটার।

মিরাজকে ফিরিয়ে ইনিংসে পঞ্চম ও টেস্ট ক্যারিয়ারের ৩শ উইকেট পূর্ণ করেন হ্যাজেলউড। নবম বোলার হিসেবে টেস্টে ৩শ উইকেটর মাইলফলক স্পর্শ করলেন হ্যাজেলউড।

শেষ ব্যাটার এবাদত হোসেনকেও শিকার করেন হ্যাজেলউড। এতে ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০০৬ সালে ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে অসিদের বিপক্ষে করা ৪২৭ রান এখনও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

এবাদত ৭ রানে আউট হন। ১৪ রানে অপরাজিত থাকেন তাসকিন। হ্যাজেলউড ৮৯ রানে ৬ উইকেট নেন।
প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও পেসার হাসান মাহমুদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগে ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে বোল্ড করেন হাসান।

অস্ট্রেলিয়ার আরেক ওপেনার ট্রাভিস হেডকেও শিকার করেন হাসান। ৩ চারে ১৭ রান করা হেডকে বোল্ড করেন তিনি। ৩৭ রানে ২ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। ৩৬ রান যোগ হবার পর তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ান স্পিনার তাইজুল ইসলাম। ব্যক্তিগত ৩১ রানে লাবুশেনকে বোল্ড করেন তাইজুল।

দলীয় ৭৩ রানে লাবুশেন ফেরার পর অস্ট্রেলিয়ার রান ১শ পার করেন স্মিথ ও গ্রিন। ৮৮ বল খেলে উইকেটে সেট হয়ে যাওয়া স্মিথকে ফিরতি ক্যাচে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন মিরাজ। ৪৪ রান করেন স্মিথ।

১২২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াকে দিনের শেষভাগে আর কোন বিপদে পড়তে দেননি গ্রিন ও ক্যারি। পঞ্চম উইকেটে ৯৪ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন তারা। গ্রিন ৪৩ ও ক্যারি ১৯ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করা হাসান মাহমুদ দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ২টি, মিরাজ ও তাইজুল ১টি করে উইকেট শিকার করেছেন।



শেয়ার করুন :