এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। এ ম্যাচে হারলেই এশিয়া কাপ থেকে বিদায় ঘটবে টাইগারদের। তবে লিটন দাস বলেছেন, বাংলাদেশের সামনে জয়ের কোন বিকল্প নেই। বাংলাদেশ শুধু ম্যাচ খেলতে যায়নি, চ্যাম্পিয়ন হতে গিয়েছে।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে যায় লিটনরা।
আসরে ২ ম্যাচে এক জয়ে বাংলাদেশের সংগ্রহ ২ পয়েন্ট। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের কোন বিকল্প নেই।
শ্রীলঙ্কার মত এক ম্যাচ খেলে পূর্ণ ২ পয়েন্ট পেয়েছে আফগানিস্তান। ফলে বাংলাদেশের কাছে হারলেও সুপার ফোরে খেলার সুযোগ থাকবে আফগানিস্তানের। তখন অবশ্য শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে।
তবে হংকংয়ের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই আফগানিস্তালের সুপার ফোরের টিকিট নিশ্চিত হবে। সেক্ষেত্রে গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে যাবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে মরিয়া বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ম্যাচটির আগে সোমবার অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না বাংলাদেশ।
লিটন দাস বলেন, “আমরা জানি এটি (আফগানিস্তানের বিপক্ষে) আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা ঘুরে দাঁড়াতে নিজেদের সেরাটা উজার করে দেব।”
তিনি বলেন, “আমরা বিশ্বের যেখানেই খেলি না কেন, সব ম্যাচ জয়ের মানসিকতা আমাদের থাকে। আমরা পরবর্তী ম্যাচেও একই লক্ষ্য নিয়ে মাঠে নামব। এছাড়া আমাদের অন্য কোন সুযোগ নেই। আমরা এখানে শুধু ম্যাচ খেলতে আসিনি, আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি।”
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। আফগানদের বিপক্ষে ১২বার মুখোমুখি হয়ে পাঁচবার জিতলেও সাতবার হেরেছে টাইগাররা। এছাড়া এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে দু’টিতে, হেরেছে তিন ম্যাচে।
বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।
আফগানিস্তান দল
রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, ডারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শারাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিক উর রহমান, এএম গাজানফার, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।
