উইমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন নর্থ জোন

মো. ফয়সাল আলম মো. ফয়সাল আলম প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫
উইমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন নর্থ জোন

রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত উইমেন্স বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট লিগে নর্থ জোন চ্যাম্পিয়ন হয়েছে। লিগের শেষ ম্যাচে সেন্ট্রাল জোনকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন নর্থ জোনের অধিনায়ক সোবহানা মোস্তারী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে হেরে সেন্ট্রাল জোন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ম্যাচ মাত্র ৯.২ ওভার খেলতেই সবগুলো উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

দলের পক্ষে নিগার সুলতানা জ্যোতি ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ১১ রান। নর্থ জোনের ফারজানা মেধা ৮ রানে ৩ উইকেট দখল করে প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার জিতে নেন। এছাড়া বল হাতে শরিফা খাতুন ১৬ রানে ২ উইকেট শিকার করেন।

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নর্থ জোন মাত্র ৭.৫ ওভারে কোন উইকেট না হারিয়েই ৫৯ রান সংগ্রহ করে। ফলে ১০ উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করে তারা।

ব্যাট হাতে নর্থ জোনের দুই ওপেনার শাবমিন সুলতানা ৩২ রানে ও শামিমা সুলতানা ২৭ রানে অপরাজিত ছিলেন। 

টুর্নামেন্টে মোট চারটি জোন অংশগ্রহণ করে। নর্থ জোন, সেন্টাল জোন,ইস্ট জোন এবং সাউথ জোন। নর্থ জোন ৬ ম্যাচ খেলে সর্বোচ্চ ১০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়।



শেয়ার করুন :