টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে। বিপরীতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো অসিদের।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে। যার ফলে দু’দলই এক পয়েন্ট করে পেয়েছে।
৩ ম্যাচ খেলে ২ জয় ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটা দ্বিতীয়বারের মতো প্রথম পর্বের বাঁধা টপকাল জিম্বাবুয়ে। ২০২২ সালে সুপার টুয়েলভে খেলেছিল তারা।
জিম্বাবুয়ের আগে একই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ খেলে ৩টিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে আছে লঙ্কানরা।
জিম্বাবুয়ের সুপার এইট নিশ্চিত হওয়ায় এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। ৩ ম্যাচ খেলে ১টি জয় ও ২টি হারে ২ পয়েন্ট আছে অসিদের।
ওমানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও শ্রীলঙ্কা বা জিম্বাবুয়েকে টপকে যেতে পারবে না অস্ট্রেলিয়া। আর গ্রুপ পর্বের সব ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে আয়ারল্যান্ড।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে ২৩ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। ওই জয়ের পর থেকেই এগিয়ে ছিল সিকান্দর রাজারা। যার ফলও পেল তারা।
