কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রথমবারের আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও জাপান। জাপানের মাটিতে ২২ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, “এশিয়ার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২২ সেপ্টেম্বর জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও জাপান।”
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ২০তম প্রতিপক্ষ হবে জাপান। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “জাপানে একটি বিশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ক্রিকেটের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। ভারত একটি নতুন দেশে খেলতে যাবে এবং জাপান ও পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রিকেট খেলাকে আরও বিস্তৃত করতে এ ম্যাচটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে বিসিসিআই গর্বিত।”
তিনি বলেন, “ভারত এবং জাপানের মধ্যে সুদৃঢ় এবং দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেটকে যুক্ত করা হয়েছে। এই ম্যাচ আয়োজনের জন্য জাপান ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ।”
জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নাওকি মিয়াজি বলেছেন, “এই ম্যাচটি ক্রিকেট সম্পর্কে কৌতূহলী জাপানিদের মাঠে এসে খেলা উপভোগ ও দলকে উৎসাহ জোগাতে উদ্বুদ্ধ করবে।”
পুরুষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৪১তম স্থানে আছে জাপান। চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে এশিয়ান গেমস আয়োজন করবে জাপান।
