ইউরোপীয় দেশ সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক ফিফা টিয়ার-১ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। চলতি বছরের ৫ জুন স্বাগতিক সান মারিনোর বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচ খেলতে মাঠে নামবে হামজা-জামালরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সান মারিনো জাতীয় ফুটবল দলের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ঐতিহাসিক ম্যাচটি উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, ইউরোপীয় কোন দেশের জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম কোন ফুটবল ম্যাচ এবং ইউরোপে অনুষ্ঠিত দলেরও প্রথম।
একইভাবে, ম্যাচটি সান মারিনোর জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। কারণ, তারা তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশীয় জাতীয় দলের মুখোমুখি হবে।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক এই ম্যাচটিকে ঘিরে উভয় ফেডারেশনই প্রবল উৎসাহ প্রকাশ করেছে। আশা করা হচ্ছে, ম্যাচটি উভয় দলকে মূল্যবান প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা দেবে এবং নিজ নিজ অঞ্চলে ফুটবলের ধারাবাহিক উন্নয়নে অবদান রাখবে।
ফিফা র্যাংকিং সান মারিনোর বর্তমান অবস্থান ২১১তম। বর্তমানে ফুটবলে সক্রিয় দেশের মধ্যে সবচেয়ে নিম্ন। যেখানে বাংলাদেশের অবস্থান ১৮১তম।
