দেশের অ্যাথলেটিকসে নতুন প্রতিভা খুঁজে বের করা, আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলা এবং খেলোয়াড়েরে দীর্ঘমেয়াদে বিকাশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।
২৩ থেকে ২৫ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬। তিন দিনের এই আসরে ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নেবেন।
বুধবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনে ফেডারেশন জানায়, এবারের আয়োজন কেবল পদক জয়ের লড়াই নয়, বরং দেশের অ্যাথলেটিকসে নতুন সম্ভাবনা খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
পুরুষদের ২২টি ও নারীদের ১৮টি মোট ৪০টি ইভেন্টে লড়বেন প্রতিযোগিরা। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ৪৩১ জন পুরুষ ও ১৩৪ জন নারী অ্যাথলেট। তাদের সঙ্গে ১১০ জন ম্যানেজার ও কোচ থাকবেন।
ফেডারেশন সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ জাবের জানান, প্রতিভা অন্বেষণ কর্মসূচির পরীক্ষামূলক পর্যায়ে প্রথমে লক্ষ্মীপুর ও যশোরকে বেছে নেওয়া হয়েছে। প্রাথমিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে আরও ১১টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রযুক্তিগত দিক থেকেও এবারের প্রতিযোগিতায় গুরুত্ব দেওয়া হচ্ছে নির্ভুল ফলাফলে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন জানান, অকেজো অবস্থায় থাকা ইলেকট্রনিক ফটোফিনিশিং ব্যবস্থা বুয়েটের প্রকৌশলীদের সহযোগিতায় বিনা খরচে সচল করা হয়েছে। ফলে দৌড়ের ইভেন্টগুলোতে সময় নির্ধারণ ও ফলাফল প্রকাশে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা ব্যবহার করা সম্ভব হবে।
