ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের ‘জায়ান্ট ফর গ্রোথ প্রকল্প’-এর দেশব্যাপী কিডস অ্যাথলেটিক্স ‘ক্রীড়া কম্পাস’-এর প্রশিক্ষণে ৬৪ স্কুলের ২৫০০ শিক্ষার্থী ও ৯৬ পিই টিচার অংশ গ্রহণ করবে। চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে শুরু হবে ‘ক্রীড়া কম্পাস’-এর এই প্রশিক্ষণ।
প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ সরকারের তারুণ্যের উৎসবের সঙ্গে সংহতি রেখে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘সঠিক পথে ক্রীড়া শক্তিশালী আগামী’ স্লোগানের মাধ্যমে দেশব্যাপী ক্রীড়া কম্পাস নামে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফেডারেশন।
আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী বিশ্বের ৮১ শতাংশ শিশু প্রতিদিন ১ ঘণ্টাও খেলাধুলার সুযোগ পায় না। প্রতিটি শিশু, বিশ্বের যেখানেই থাকুক না কেন, তাদের ব্যক্তিগত পরিস্থিতি যাই হোক না কেন, খেলাধুলা এং মানসম্পন্ন শারীরিক ক্রিয়া কলাপের প্রবেশাধিকার পাওয়ার মৌলিক অধিকার রয়েছে।
এই কার্যক্রমে স্থানীয় ৩০ অ্যাথলেটিক্স প্রশিক্ষক প্রজেক্টের আওতায় থাকবেন। স্কুলের শিক্ষক ছাড়াও অভিভাবক, স্টেক হোল্ডার, ভলান্টিয়ার, স্বাস্থ্য সচেতন প্রবীণ ব্যক্তি, অবসরপ্রাপ্ত খেলোয়াড়, সাংবাদিক-সবাইকে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহ প্রদান করা হবে। কিডস অ্যাথলেটিক্সের ৩টি গ্রুপ হলো- ৪-৭ বছর, ৮-১১ বছর ও ১২-১৪ বছর।
ক্রীড়া কম্পাস প্রশিক্ষণ কার্যক্রম প্রাথমিক পর্যায়ে ৪টি বিভাগে ৮টি প্রকল্পের মাধ্যমে শুরু হবে। ৫টি প্রকল্পের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, যা খুলনা বিভাগের যশোর জেলায় ১০-১৬ ডিসেম্বর, সিলেট বিভাগের সুনামগঞ্জ সদর ২০-২৪ ডিসেম্বর ও জামালগঞ্জ উপজেলায় ২৭-৩১ ডিসেম্বর, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলায় ৫-৯ জানুয়ারি এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইঘাতি উপজেলায় ২১-২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
