আমাদের সময়ের সম্পাদক হলেন বিসিবি পরিচালক শাখাওয়াত হোসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫
আমাদের সময়ের সম্পাদক হলেন বিসিবি পরিচালক শাখাওয়াত হোসেন

সংবাদ মাধ্যম দৈনিক আমাদের সময়-এর সাথে যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং বিসিবির সহ সভাপতি মো. শাখাওয়াত হোসেন। পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে আবু সাঈদ খানের স্থলাভিষিক্ত হলেন বিসিবির এই সহ-সভাপতি।

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত দৈনিকটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন শাখাওয়াত হোসেন। আমাদের সময়ের প্রকাশক ড. খোন্দকার শওকত হোসেনসহ প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা নতুন সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. শাখাওয়াত হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে ইউনিক গ্রুপের মানবসম্পদ বিভাগের পরিচালক মো. আব্দুল মোতালেব, পিএইচপি ফ্যামিলির ডিজিএম সৈয়দ এনামুল হকসহ দৈনিক আমাদের সময়ের বিভিন্ন বিভাগে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণকালে শাখাওয়াত হোসেন সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, দৈনিক আমাদের সময়কে সামনের দিকে এগিয়ে নিতে যা যা করণীয় সবই করা হবে। পত্রিকাটির গৌরব ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ উন্নয়নের তাগাদা দেওয়ার পাশাপাশি কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিরও আশ্বাস দেন তিনি। একই সাথে সংবাদ মাধ্যমটিকে আরও পাঠকনন্দিত ও নির্ভরযোগ্য সংবাদের উৎস হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান নবনিযুক্ত সম্পাদক।

মো. শাখাওয়াত হোসেন ছাত্রজীবন থেকেই সাংবাদিকতায় যুক্ত হন। পরে সাংবাদিকতা ছেড়ে করপোরেট জগতে যোগদান করেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লেখা অব্যাহত রাখেন। পরবর্তী সময়ে তিনি ইংরেজি জাতীয় দৈনিক দ্য বিজনেস পোস্টে ব্যবস্থাপনা সম্পাদক পদে যোগদান করেন। চলতি বছর তিনি এ পদ থেকে অব্যাহতি নেন।

শাখাওয়াত হোসেন করপোরেট জগত, বিশেষ করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির ক্ষেত্রে দেশের আইকন হিসেবে খ্যাতি অর্জন করেন। সম্প্রতি তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াবিষয়ক পর্যটনের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।


বিষয়ঃ

শেয়ার করুন :