“সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন নষ্ট-পঁচে যাওয়া মানুষ” -বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
সম্প্রতি বিদেশে গণমাধ্যমে সাকিব আল হাসান জানিয়েছেন, সরকারের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন তিনি। এছাড়া ডিসেম্বরে দেশে ফিরতে চাওয়া শেখ হাসিনার সাথেও ফিরতে পারেন আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব।
সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাকিবের বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, “সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? আপনি তো জবাবটা দিন।”
বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় সাকিব গত ৫ আগস্ট শেখ হাসিনার অনলাইন সংবাদ সম্মেলনেও যুক্ত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সাকিবের নামেও হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সাকিবের রাজনৈতিক অবস্থান সমালোচনা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “সাকিব একজন ভালো খেলোয়াড় হতে পারেন। কিন্তু উনি একজন নষ্ট-পঁচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইনড হয় এবং এখনও অ্যালাইনড থাকেন, সে ৫ তারিখেও (৫ আগস্ট) তো তার বক্তব্যও এসেছে।”
সাকিব দেশে ফেরা এবং নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “উনি (সাকিব) বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে!”
তিনি আরও বলেন, “উনি (সাকিব) আসবেন এবং উনি নিরাপত্তার মাধ্যমেই ফেস করবেন উনার যা যা অভিযোগ আছে এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না।”
সাকিবের বক্তব্য সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা। মানে যে মানুষটা স্টিল হাসিনার সাথে অ্যালাইনড হয়ে কথা বলে, সেগুলো বলবে, উই ডোন্ট কেয়ার।”
শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, “হাসিনার চেয়েও তো উনি (সাকিব) বেশি অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন উনি তো বলছেন ডিসেম্বরে এসে বিচারালয়ে আসবেন, আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন। পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব।”
তিনি আরও বলেন, “এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সবচেয়ে বীভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়ার, সাংবিধানিক অধিকার যা যা পাওয়ার সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক তারা পাবেন। দ্যাটস ফর শিউর।”
