নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৭ আগস্ট ২০২৬
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব

সরকারের কাছ থেকে নিরাপত্তা বিষয়ে নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটে সেরা অলরাউন্ডার ছাড়াও সাকিব আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এমপি ছিলেন।

সাকিব আল হাসান বলেন, “সরকারের কাছ থেকে যদি এই ছাড়পত্র পাই যে, আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে; তাহলে আমি খুশি মনে ফিরে যাব। আদালতের বিচারের মুখোমুখি হবো এবং যা যা করার প্রয়োজন আছে, তার সবকিছু করবো।

বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা সাকিব রয়টার্সকে এসব কথা জানিয়েছেন। দুই বছর ধরে বিদেশে থাকা সাকিব জুলাই আন্দোলন নিয়ে বলেন, “আমি জানি, আমি কিছুই করিনি।”

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিত্র সাকিব আল হাসান ২০২৪ সালের আগস্টে আগে থেকেই দেশের বাইরে রয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, জুলাই আন্দোলনে প্রায় ১৪০০ জন নিহত হয়েছে। যে অপরাধে পালিয়ে ভারতে যাওয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

সম্পতি এক অনলাইন প্রেস কনফারেন্সে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। একই প্রেস কনফারেন্সে সাকিব আল হাসানও যুক্ত ছিলেন।

রয়টার্সকে সাকিব জানিয়েছেন যে, ডিসেম্বরে শেখ হাসিনা ফেরার সময় স্বেচ্ছায় তিনিও বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। তিনি জানান, অবিলম্বে দেশে ফিরতে চান। তবে তা না হলে শেখ হাসিনার সঙ্গেই (ডিসেম্বরে) ফেরার চেষ্টা করবেন।

সাকিব বলেন, “অধিনায়ক (শেখ হাসিনা) যা বলবেন, আমরা তাকেই অনুসরণ করবো। আমার মনে হয়, তারাই এ বিষয়ে ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমাদের দেওয়া নির্দেশনা আমরা মেনে চলবো।

নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সাকিব বলেন, “আমি বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলছি। আমি ভালো আছি, এখনও খেলাটা উপভোগ করছি, ভালো খেলছিও। তবে,, এই মুহূর্তে বয়স আমার পক্ষে নেই, তাই আমি খুব বেশিদিন অপেক্ষা (অবসর নিতে) করতে পারবো না।”



শেয়ার করুন :