স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৭ আগস্ট ২০২৬
স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্পতি শেখ হাসিনার প্রেস কনফারেন্সে সাকিবের উপস্থিতির পর এমন মন্তব্য করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিত্র সাকিব আল হাসান ২০২৪ সালের আগস্টের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন। বর্তমানে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে খেলছেন তিনি।

জাতিসংঘের তথ্যমতে, জুলাই আন্দোলনে প্রায় ১৪০০ জন নিহত হয়েছে। যে অপরাধে পালিয়ে ভারতে যাওয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

সম্পতি এক অনলাইন প্রেস কনফারেন্সে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। একই প্রেস কনফারেন্সে যুক্ত ছিলেন সাকিব আল হাসান।

বিষয়টি নিয়ে নতুন করে সাকিব আল হাসানকে ঘিরে আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সকে সাকিব জানিয়েছেন, সরকার থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে রাজি আছেন।

নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব

বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, “আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে (সাকিবের দেশে ফেরা) দেখছিলাম। এরপরে (হাসিনার সংবাদ সম্মেলনে সাকিব) আর মনে হয় না যে, ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।”

জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের মাগুরার এমপি সাকিব আল হাসান। মামলা থাকায় এবং সাকিবের বর্তমান অবস্থানের ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ দেখছেন না ক্রীড়া প্রতিমন্ত্রী।

‎আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাকিবকে দেশে ফিরতে হবে জানিয়ে তিনি বলেন, “যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবে আসতে হবে।”


বিষয়ঃ

শেয়ার করুন :