এশিয়ান গেমসে ১১ হাজার ক্রীড়াবিদের সাথে ৬ হাজার কর্মকর্তা, আবাসন নিয়ে চাপে জাপান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৭ আগস্ট ২০২৬
এশিয়ান গেমসে ১১ হাজার ক্রীড়াবিদের সাথে ৬ হাজার কর্মকর্তা, আবাসন নিয়ে চাপে জাপান

এশিয়ান গেমস-এ অংশগ্রহণকারীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চাপে পড়েছে আয়োজক দেশ জাপান। দেশটির এশিয়ান গেমস আয়োজকরা বিষয়টি নিয়ে এশিয়ার অলিম্পিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। যেখানে এর আগে অংশগ্রহণকারীর সংখ্যা কমানোর জন্য তারা অনুরোধ জানিয়েছিলেন।

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়া ও বৃহত্তর আইচি অঞ্চলে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। আসরটিতে শুরুতে প্রায় ১৫ হাজার ৎ ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেবেন বলে ধারণা করা হয়েছিল।

তবে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার অংশগ্রহণকারীর সংখ্যা ১৭ হাজার। যার মধ্যে ১১ হাজার ক্রীড়াবিদ এবং ৬ হাজার কর্মকর্তা। এত সংখ্যক অংশগ্রহণকারী হওয়ায় আবাসন ব্যবস্থার উপর বাড়তি চাপ পড়তে পারে।

এশিয়ান গেমসে এবার আলাদা কোন অ্যাথলেটস ভিলেজ থাকছে না। এর পরিবর্তে আয়োজকরা একটি ক্রুজ জাহাজ, কাঠের তৈরি অস্থায়ী কক্ষ এবং হোটেলের উপর নির্ভর করছে। জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি সমাধানে স্থানীয় আয়োজক কমিটি ওসিএ’র কাছে অনুরোধ জানিয়েছে।

এছাড়া খরচ কমানোর লক্ষ্যে আয়োজকরা অস্থায়ী আবাসন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছেন। এর অংশ হিসেবে ইতালির ক্রুজ জাহাজ কোস্টা সেরেনা ভাড়া করা হয়েছে। কাঠের শিপিং কনটেইনারের আদলে তৈরি করা হয়েছে অস্থায়ী কক্ষ।

এশিয়ান গেমসে এবার ৪৫টি ন্যাশনাল অলিম্পিক কমিটি অংশ নিচ্ছে। যেখানে ৪১ থেকে ৪৩টি ক্রীড়া এবং প্রায় ৪৬১টি ইভেন্ট রয়েছে।



শেয়ার করুন :