জাপানি আয়োজকরা এশিয়ান গেমসে দেরিতে যোগ দেওয়া অংশগ্রহণকারীদের নিজেদের থাকার ব্যবস্থা নিজেরাই করতে বলেছেন। তাদের মতে, অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ সামলানোর মতো অর্থ বা জায়গা তাদের কাছে নেই।
প্রাথমিকভাবে এই গেমসে প্রায় ১৫,০০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তার অংশগ্রহণের কথা ছিল, যা ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নাগোয়া এবং বৃহত্তর আইচি অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। তবে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এই সংখ্যাটি ১৭ হাজার নির্ধারণ করেছে, যার মধ্যে ১১ হাজার ক্রীড়াবিদ এবং ৬ হাজার কর্মকর্তা রয়েছেন।
এখানে ক্রীড়াবিদদের জন্য কোনো নির্দিষ্ট গ্রাম নেই, আয়োজকরা এর পরিবর্তে একটি ক্রুজ জাহাজ, অস্থায়ী কাঠের কন্টেইনার এবং হোটেলের উপর নির্ভর করছেন। মার্চ মাসে, ওসিএ ক্রীড়া কার্যক্রমে টেকবল এবং প্যাডেল যুক্ত করে।
আয়োজক কমিটির সভাপতি হিদেয়াকি ওমুরা সাংবাদিকদের বলেছেন, অতিরিক্ত অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার মতো জনবল বা বাজেট তাদের কাছে নেই।
আইচি প্রিফেকচারের গভর্নর হিসেবেও দায়িত্ব পালনকারী ওমুরা বলেন, “আয়োজক শহরের চুক্তি অনুযায়ী ১৫,০০০ লোকের একটি প্রতিনিধিদল পাঠানোর কথা রয়েছে। আমরা এর চেয়ে বেশি লোকের জন্য কোনো বাজেট বরাদ্দ করিনি। তাদের থাকার মতো কোনো জায়গাই নেই।”
খরচ কমাতে আয়োজকরা ক্রীড়াবিদদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছেন এবং এই অনুষ্ঠানের জন্য ইতালীয় ক্রুজ জাহাজ কোস্টা সেরেনা ভাড়া করেছেন। ৪ থেকে ৫ হাজার ক্রীড়াবিদ জাহাজে থাকবেন এবং আরও ২ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা শিপিং কন্টেইনারের মতো কুঁড়েঘরে থাকবেন। বাকিরা হোটেলে থাকবেন।
ওমুরা বলেন, “তারা যদি তারপরও আসতে চায়, তবে তাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে।”
