শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে গ্রুপটি থেকে কোন দু’টি দল সুপার ফোরে খেলবে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে বাংলাদেশও ম্যাচটির দিকে তাকিয়ে আছে।

আফগানিস্তান হেরে গেলে সরাসরি সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আর আফগানরা জিতলে শ্রীলঙ্কার সাথে রান রেটের হিসাব-নিকাশে বসতে হবে টাইগারদের। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা- আফগানিস্তান।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ।

টেবিলের তৃতীয় স্থানে আছে ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান। ফলে গ্রুপের পয়েন্ট টেবিলে সুপার ফোরের দৌড়ে টিকে আছে শ্রীলঙ্কা-বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপের আরেক দল হংকং ৩ ম্যাচে ৩টিই হেরে গেছে।

‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দু’টি দল খেলবে, সেটি জানা যাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর। সমীকরণ বলছে- আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে লঙ্কানদের সাথে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে।

আবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। কারণ শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলঙ্কার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০।

আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলঙ্কাকে।

এছাড়া শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয় সেক্ষেত্রে লঙ্কানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ।



শেয়ার করুন :