নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১২ বল বাকি রেখেই ৬ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা।
দলের জয়ে ব্যাট হাতে তাওহিদ হৃদয় ফিফটি (৫১*) এবং শামীম হোসেন পাটোয়ারী ১৩ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেছেন। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল লিটন দাসের দল।
বাংলাদেশের জয় নিশ্চিত হয় মূলত ১৭তম ওভারে। নিউ জিল্যান্ডের বলার বেন লিস্টারের করা ওই ওভারে ২৫ রান নেন শামীম হোসেন পাটোয়ারী।
ওভারটি থেকে তাওহিদ হৃদয় ১ রান নেন, এছাড়া দু’টি ‘নো’ এবং একটি ‘ওয়াইড’ থেকে মোট ৩টি অতিরিক্ত রান আসে। বাকি ২১ রান আসে শামীম পাটোয়ারীর ব্যাট থেকেই।
১৭তম ওভারে ২৫ রান আসায় বাংলাদেশের সামনে জয়ের জন্য ৩ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৫ রান। পরের ওভারেই যা অনায়াসে নিয়ে দলের জয় নিশ্চিত করে শামীম পাটোয়ারী এবং তাওহিদ হৃদয়ের জুটি।
এছাড়া দলের পক্ষে ব্যাট হাতে ওপেনার সাইফ হাসান ১৭, অপর ওপেনার তানজিদ হাসান তামিম ২০, অধিনায়ক লিটন কুমার দাস ২১ এবং পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৮ রান।
এর আগে দুই ব্যাটার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে নিউজিল্যান্ড। ক্লার্ক ও ক্লিভার উভয়ই ৫১ রান করে করেন।
বাংলাদেশের পক্ষে বল হাতে রিশাদ হোসেন ২টি এবং শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মাহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন। এছাড়া অভিষিক্ত রিপন মন্ডল ৪ ওভারে ৩৯ রান দিলেও ছিলেন উইকেট শূন্য।
