রাজশাহীতে ওয়ানডে সিরিজ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে এবার সিলেটে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজের যাত্রা করলো বাংলাদেশের মেয়েরা। লঙ্কান মেয়েদের ছুঁড়ে দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানের ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতিরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের সেই সিদ্ধান্তের সঠিক মূল্যায়ন করতে পারেনি টাইগ্রেস বোলাররা।
বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রানের বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কার মেয়েরা। ব্যাট হাতে দলের পক্ষে ফিফটি রানে ইনিংস খেলেন দুই ব্যাটার।
৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন ইমেশা দুলানী। তার এই ইনিংসে ৭টি চারের মার ছিল। এছাড়া ৩৫ বলে ৬১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন হার্ষিতা সামারাবিক্রমা। তার এই ইনিংসে ৫টি চারের সাথে ২টি ছক্কার মার ছিল। এছাড়া অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাট থেকে আসে ৩২ রান।
১৬২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও পাঁচ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে (৩.৪) সাজঘরে ফিরেন ওপেনার জারিয়া ফেরদৌস (১৬)। ফলে দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
পরের ওভারে (৪.৪) ফিরেন শারমিন আক্তার (১), দলীয় রান তখন ৪০। একই ওভারের শেষ বলে ফিরেন উইকেটে নতুন আসা অধিনায়ক নিগার সুলতানা। দুই বল খেলে রানের খাতা না খোলার আগেই অধিনায়ক ফেরায় দলীয় রানেও কোন হালনাগাদ হয়নি।
ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরেন দলের বাকি ওপেনার দিলারা আক্তার (২৩)। দলীয় ৪৪ রানে পঞ্চম উইকেট হারালেও স্বর্ণা আক্তার। তবে বাকি ব্যাটারদের মধ্যে আর কেই হাল ধরতে না পারায় হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করার ছিল না তার।
ইনিংসের শেষ বলে রান আউটে কাটা পড়ার আগে ৬০ রান করেন স্বর্ণা আক্তার। তার এই ৪৫ বলের লড়াকু ইনিংসে চারটি চারের মারের সাথে ২টি ছক্কা ছিল।
বাংলাদেশকে হারিয়ে ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে ৬১ রানের ইনিংস খেলা হার্ষিতা সামারাবিক্রমা।
এ জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কার মেয়েরা। এর আগে রাজশাহীতে প্রথম ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে নেয় লঙ্কান মেয়েরা।
