টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১০ নভেম্বর ২০২৫
টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ

ফাইল ফটো

নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ। তবে দেড় যুগেরও বেশি সময়ে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান মোটেও ভালো নয়। ক্রিকেটের দীর্ঘতম এ ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সবচেয়ে বড় হারও তাদের বিপক্ষে।

২৫ বছরে ১৫৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে জয় পেয়েছে মাত্র ২৩টিতে এবং হার ১১২টি টেস্টে। তিন ম্যাচ ইনিংস ব্যবধানে জয় পেলেও ৪৭টি হেরেছে ইনিংস ব্যবধানে।

২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ওই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪০০ রান করে টাইগাররা। বুলবুল ১৪৫ রানের নান্দনিক ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করেন হাবিবুল বাশার সুমন।

প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেলেও দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ৯১ রানে গুটিয়ে যায় তারা। ভারতকে ৬৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ৯ উইকেটে নিজেদের অভিষেক টেস্ট হারে বাংলাদেশ।

টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রান করে বাংলাদেশ। ২০১৩ সালে গল’এ ৬৩৮ রান করে টাইগাররা। টেস্টে এটিই একমাত্র ৬শ রান বাংলাদেশের।

এছাড়া টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন রান ৪৩। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা। এখন পর্যন্ত ১৩ বার ১শর নিচে অলআউট হয়েছে বাংলাদেশ।

দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ২০ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শুরু হওয়া দুই টেস্টে খেললেই প্রথম বাংলাদেশি হিসেবে ১শ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মুশফিক।

মুশফিকুর রহিমের নেতৃত্বে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে বাংলাদেশ। তার অধীনে ৩৪ ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে টাইগাররা। দেশের হয়ে সবচেয়ে বেশি রানও করেছেন মুশফিক। ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮.১২ গড়ে ৬৩২৮ রান করেছেন তিনি। এছাড়া টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসও মুশফিকের। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করেন তিনি।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড সাকিব আল হাসানের। ৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম। ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নেন তিনি।



শেয়ার করুন :