নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২০ এপ্রিল ২০২৬
নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরলো বাংলাদেশ

পেসার নাহিদ রানার বোলিং ঝড়ের পর তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরলো টাইগাররা। প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড।

সোমবার (২০ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাহিদ রানাদের বোলিং তোপে গুটিয়ে যাওয়ার আগে ১৯৮ রানের সংগ্রহ গড়েছিল নিউজিল্যান্ড। ব্যাটারদের যাওয়া আসার মাঝেও ব্যাট হাতে ৮৩ রানের ইনিংস খেলেছেন নিক কেলি।

বাংলাদেশের পক্ষে বল হাতে ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন টাইগার পেসার নাহিদ রানা। এছাড়া শরিফুল ইসলাম ২টি উইকেট নিজের করে নেন।

জবাবে ব্যাট করতে নেমে ৮৭ বল বাড়ি রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের জয়ে ব্যাট হাতে ওপেনার তানজিদ হাসান তামিম ৭৬ এবং নাজমুল হোসেন শান্ত ৫০* রান করেন। ফিফটি করার পর রিটায়ার্ড হার্ট (আঘাত জনিত কারণে) হয়ে মাঠের বাইরে যান।

শেষ দিকে তাওহিদ হৃদয় ৩০ এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অপরাজিত ৮ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন।

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজের সমতায় ফেরার ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন টাইগার পেসার নাহিদ রানা।

প্রথম ম্যাচের হারের পর দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জয় পাওয়ায় সিরিজের শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হলো। ম্যাচটি ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।



শেয়ার করুন :