নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পেস বোলার তানজিম হাসান সাকিবকে দলে যুক্ত করেছে বাংলাদেশ। ফলে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য বাংলাদেশ দলে এখন ১৬ সদস্য।
সোমবার (২০ এপ্রিল) রাতে সিরিজের তৃতীয় ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগের ১৫ সদস্যের দলের সাথে ঘোষিত দলে শুধুমাত্র তানজিম হাসান সাকিব যুক্ত করা হয়েছে। তীব্র গরমে গত দুই ম্যাচে খেলা কোন পেসারকে বিশ্রাম দিতেই হয়তো দলে বাড়তি পেসার যুক্ত করেছে বিসিবি।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ১-১ জয়ে সমতায় রয়েছে। মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচে প্রথমটি নিউজিল্যান্ড জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ফলে চট্টগ্রামে ২৩ এপ্রিল শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে।
বাংলাদেশ দল (তৃতীয় ওয়ানডে)
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব।
