বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেটের দেখা পেলেন পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ৩২ রানে ৫ উইকেট শিকার করেছেন রানা।
ওয়ানডে ক্রিকেটে এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন আফতাব আহমেদ ও রুবেল হোসেন। কাকতালীয় হলেও সত্য, বিদায়ী সংবর্ধনা নিতে দীর্ঘদিন আর মিরপুরে এসেছিলেন পেসার রুবেল হোসেন।
২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে প্রথম পাঁচ উইকেটের দেখা পান মিডিয়াম পেসার আফতাব। ঢাকা জাতীয় স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন আফতাব।
এছাড়া ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ নেন পেসার রুবেল। হ্যাটট্রিকসহ ৫.৫ ওভার বল করে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রুবেল। তার দুর্দান্ত বোলিং পারফরমেন্সে ২৬৫ রান তুলে বৃষ্টি আইনে ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ।
আফতাব-রুবেলের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় নাম তুলেছেন রানা। ১০ ওভার বল করে ৩২ রানে ৫ উইকেট নেন তিনি।
শুধু তাই নয়, মাত্র দশ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেটের দেখা পেলেন নাহিদ রানা। এক মাস আগে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচের বোলিং ফিগারই রানার ক্যারিয়ার এখনও সেরা।
