দেশের ক্রিকেট ইতিহাসে নির্ভরতার নাম মুশফিকুর রহিম। একের পর এক রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন ক্রিকেটের অনন্য উচ্চতায়।
সিলেট টেস্টের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশি। শততম টেস্ট খেলে নিজের ক্যারিয়ারকে করেছেন আরও বর্ণিল ও স্মরণীয়।
আর কী বাকি রাখলেন দেশকে দেওয়ার! ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে নিজেকে বার বার প্রমাণ করেছেন। নিজেকে হাজির করেছেন দলের দুঃসময়ে।
ক্রিকেটের নানান পালাবদলে সেই ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করে মুশফিক। দেখেছেন দেশের ক্রিকেটের নানা উত্থান-পতন। সাক্ষী হয়েছেন কতো কতো সুখ ও বেদনার স্মৃতির।
ব্যাট হাতে পার করেছেন ক্যারিয়ারের কঠিন সময়। সয়ে গেছেন কতশত সমালোচনা। এই সব কিছুকে উতরে গিয়ে হয়ে উঠেছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। নিয়েছেন দলকে খাদের কিনারা থেকে তুলে আনার দায়িত্ব।
উইকেটকিপিংয়ের ঝড় সামলিয়ে ব্যাট হাতেও দলের বিপর্যয়ে অসংখ্যবার দেয়াল হয়ে দাঁড়িয়েছেন মুশি। দেশের ক্রিকেটে যখনই টালমাটাল অবস্থা ঠিক ওই সময়ে হাল ধরেছেন দেশের এই কীর্তিমান ক্রিকেটার।
টেস্ট ক্রিকেটে তার ইনিংসগুলো কেবল পরিসংখ্যান নয়, দেশের হয়ে লড়ে যাওয়ার লম্বা ইতিহাস। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মুশফিকের ব্যাট কথা বলেছে সমান তালে।
ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি থেকে শুরু করে দুর্দান্ত সব উইকেট শিকার, কী নেই তার স্মৃতির ঝুঁলিতে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশি।
এবার সিলেট টেস্টেও আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে প্রথম বাংলাদেশি হিসেবে ১৬ হাজার রানের অনন্য রেকর্ড করেছেন মুশফিক। যেন একের পর এক নিজেকে ছাড়িয়ে যাওয়ার বিস্ময় নিয়ে হাজির হলেন ক্রিকেটের মাঠে।
বেলা যায় যায় করেও মাঠের খেলায় এখনো টিকে আছেন মুশি। পঞ্চপাণ্ডবের স্রোত পেরিয়েও নিজেকে অদমনীয় করে রেখেছেন ক্রিকেটে। এখনও চাপের মুহূর্তে দলকে নেতৃত্ব দেওয়া থেকে সব কিছুরই আঞ্জাম দিচ্ছেন সাহসিকতার সাথে। হাজার রানের কীর্তি ছুঁয়ে মাঠের নৈপুণ্যে নিজেকে আলাদা করেছেন মিস্টার ডিপেন্ডেবল।
বয়স বাড়ছে, সময় গড়িয়ে যাচ্ছে শেষ বিকেলে তবুও মুশফিকের ফিটনেস, অনুশীলন আর নিবেদন আগের মতোই আছে। ক্যারিয়ারের শেষ দিকে এসেও হারিয়ে যায়নি মাঠের ছন্দ।
দেশের ক্রিকেট ইতিহাসে এক অনুপ্রেরণার নাম বলা যায় মুশফিকুর রহিম। অসংখ্য স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছেন দেশের জন্য। দেশের জার্সিতে নিজেকে উজার করে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ক্লাসিক্যাল মুশি।

মিজান ফারাবী