ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বসুন্ধরা কিংস অ্যারেনাতে ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে মোহামেডানের আপত্তিতে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শঙ্কা কাটিয়ে একদিন পর সেই কিংস অ্যারেনাতে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল ম্যাচ।
বুধবার (১৯ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়, বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার ফেডারেশন কাপ ২০২৫-২৬ -এর ফাইনাল ম্যাচটি আজ (মঙ্গলাবর) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না।
বাফুফে জানায়, ম্যাচটি বুধবার (২০ মে) একই সময়ে বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিকে, বাফুফের এমন সিদ্ধান্ত জানানোর পর স্পোর্টসমেইল-এর পক্ষ থেকে মোহামেডানে যোগাযোগ করা হলে জানানো হয়, “আমরা (মোহামেডান) এখনো বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে কোন চিঠি পাইনি। পাওয়ার পর এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।”
তবে জানা গেছে, প্রথম দিকে কিংস অ্যারেনায় খেলতে আপত্তি জানালেও বাফুফের সাথে এক বৈঠকে সেখান থেকে সরে এসেছে মোহামেডান। মূলত মোহামেডান রাজি হওয়ার পরই বাফুফে থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে।
