পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৮ মে ২০২৬
পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

মুশফিকুর রহিমের রেকর্ড সেঞ্চুরিতে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিল স্বাগতিক বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় এবং লিটন দাসের ফিফটির পর ব্যাট হাতে ১৩৭ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

সিলেট টেস্টের প্রথম ইনিংস থেকে পাওয়া ৪৬ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ১০২.২ ওভার ব্যাট করে ৩৯০ রানে অলআউট হয় বাংলাদেশ। মুশফিক ১৩৭ রানের নান্দনিক ইনিংস খেলেন। টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল।

দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ করেছিল বাংলাদেশ। সোমবার (১৮ মে) তৃতীয় দিন বাংলাদেশকে বড় লিড এনে দিতে পঞ্চম উইকেটে লিটন দাসের সাথে ১২৩, সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সাথে ৭৭ রানের জুটি গড়েন মুশফিক।

সেই সাথে টেস্টে ১৪তম সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। এই শতকে মুমিনুল হককে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন মুশি।

শেষ ব্যাটার হিসেবে মুশফিক আউট হলে ৩৯০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১২টি চার ও ১টি ছক্কায় ২৩৩ বলে ১৩৭ রান করেন মুশফিক।
এছাড়া লিটন ৬৯ ও মাহমুদুল হাসান জয় ৫২ ও তাইজুল ২২ রান করেন।

পাকিস্তানের খুররাম শাহজাদ ৪টি, সাজিদ খান ৩টি ও হাসান আলি ২টি উইকেট নেন।

বাংলাদেশকে অলআউট করে দিনের বাকি অংশে দুই ওভার ব্যাট করলেও কোন রান করতে পারেনি পাকিস্তান। আলো স্বল্পতায় খেলা শেষ হলে ১০ উইকেট হাতে নিয়ে ৪৩৭ রানেই পিছিয়ে রয়েছে সফরকারী দল পাকিস্তান।



শেয়ার করুন :