টানা চার হারে ৮ ধাপ পেছালো বাংলাদেশ নারী ফুটবল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫
টানা চার হারে ৮ ধাপ পেছালো বাংলাদেশ নারী ফুটবল

বাংলাদেশ নারী ফুটবল দল তিন মাসে চারটি ম্যাচ খেলে চারটিতেই হেরেছে। হারের তিক্ত স্বাদের পর এবার ফিফা র‍্যাঙ্কিংয়েও হতাশার খবর পেল বাংলাদেশ। টানা চার হারে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দল অবস্থান ১১২তম। এর আগে আফাঈদা খন্দকারদের দলের অবস্থান ছিল ১০৪তম স্থানে।

গত তিন মাসে বাংলাদেশ নারী ফুটবল দল চারটি ম্যাচ খেলে সবগুলোতেই হারের স্বাদ পেয়েছে। অক্টোবরে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচে ৩-০ এবং ৫-১ ব্যবধানে হেরেছে ঋতুপর্ণারা।

এরপর ঢাকায় সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার কাছে ১-০ এবং আজারবাইজানের কাছে ২-১ ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল। দলের এমন হতাশাজনক পারফরম্যান্স র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে।

এর আগে, আগস্টে প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নিজেদের সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করেছিল। ১২৮তম স্থান থেকে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে জায়গা করে নিয়েছিল তারা। তবে এবার ৮ ধাপ পেছালো।

এদিকে, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে শীর্ষ এবং দ্বিতীয় স্থান ধরে রেখেছে। এছাড়া দুই ধাপ এগিয়ে শীর্ষ তিনে উঠে এসেছে জার্মানি। শীর্ষ পাঁচের বাকি দুই দলের মধ্যে আগে থেকে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড।

তবে দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে সুইডেন। এছাড়া ফ্রান্সকে সাত নম্বরে নামিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে ব্রাজিলের মেয়েরা। আর আর্জেন্টিনা নারী ফুটবলের অবস্থান ৩০ নম্বরে।



শেয়ার করুন :