সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারতের কাছে হেরে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেললেও ফাইনালে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। গ্রুপ পর্বে শেষ তিন ম্যাচে ১৮ গোল করা বাংলাদেশের হয়ে একপেশে ফাইনালে কেউই গোল করতে পারেনি। ওই তিন ম্যাচে বাংলাদেশ কোন গোল হজম করেনি।
ফাইনালে বাংলাদেশকে হারিয়ে দুই বছর পর সাফ শিরোপা পুনরুদ্ধার করলো ভারত। একই সাথে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে ২-০ গোলে হারের প্রতিশোধও নিল তারা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৪২তম মিনিটে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে প্রিতিকা বর্মনের পাসে অধিনায়ক ঝুলন মংমাইথেম ডান পায়ের জোড়ালো শটে ভারতকে এগিয়ে দেন।
বিরতির পর ভারত আক্রমণের ধার আরও বাড়ায়। সেই ধারাবাহিকতায় ৬৩তম মিনিটে স্পট কিক থেকে এলিজাভেদ লারকা ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৬৮তম মিনিটে ভারতীয় স্ট্রাইকারের গোলে ব্যবধান ৩-০ হয়। আর ম্যাচের শেষ দিকে ৮৩তম মিনিটে ডিফেন্সের ভুলে আনিতা দলের হয়ে চতুর্থ গোলটি করেন।
এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ ভুটানকে ১২-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ ও শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে শীর্ষ দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে পিটার বাটলারের দল। তবে ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙলো বাংলাদেশের মেয়েদের।
