কিলিয়ান এমবাপ্পের দুই গোলে সেনেগালকে ৩-১ গোলে পরাজিত করে বিশ্বকাপে শুভ সূচনা করেছে ফেবারিট ফ্রান্স। বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। ব্র্যাডলি বারকোলা বাকি গোলটি করেছেন। এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপ-আই’র মিশন শুরু করলো দিদিয়ের দেশ্যমের দল।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৬ মিনিটে মাইকেল ওলিসের দুর্দান্ত এক পাসে ডেডলক ভাঙ্গেন এমবাপ্পে। বিরতির আগে যেখানে ফ্রান্স মোটেই ছন্দ খুঁজে পায়নি, দ্বিতীয়ার্ধে তার থেকে বেরিয়ে এসে নিজেদের এগিয়ে নিয়ে গেছে।
পিএসজি তারকা বারােলা দ্বিতীয়ার্ধের শেষ ভাগে বদলি বেঞ্চ থেকে উঠে এসে একটি গোল করেছেন। স্টপেজ টাইমে বারকোলার ক্লাব সতীর্থ ইব্রাহিম এমবায়ে একটি সান্তনার গোল করেছেন। তবে ইনজুরি টাইমে দূর পাল্লার শট থেকে এমবাপ্পে দলের জয় নিশ্চিত করেন।
ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা জাতীয় দলের জার্সিতে করেছেন ৫৮ গোল। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, “আমি দেশের জন্য ইতিহাস রচনা করতে মাঠে নামি। দলের ফাইনাল খেলা নিশ্চিত করতে চাই এবং অবশ্যই বিশ্বকাপ জিততে চাই।”
তিনি আরও বলেন, “এটা আমাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। আমি মনে করি আমাদের কাছে প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি। কিন্তু আমাদের নিজেদের স্বাভাবিক খেলাটা উপহার দিয়ে প্রতি ম্যাচে এগিয়ে যেতে হবে।”
