ইরাকের বিপক্ষে এমবাপ্পের জোড়া গোল, নকআউটে ফ্রান্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৩ জুন ২০২৬
ইরাকের বিপক্ষে এমবাপ্পের জোড়া গোল, নকআউটে ফ্রান্স

ক্যারিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সকে জয় উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্রচন্ড ঝড়ো হাওয়ার কারণে দুই ঘণ্টা অপেক্ষার পর শেষ পর্যন্ত ইরাককে ৩-০ গোলে পরাজিত করেছে ফ্রান্স। এ জয়ে শেষ ৩২’এ খেলা নিশ্চিত করেছে তারা।

ফিলাডেলফিয়ায় ম্যাচের ১৪তম মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধ শুরুর ৯ মিনিটের মধ্যে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এই ফরাশি তারকা। এরপর ৬৬ মিনিটে ফ্রান্সের হয়ে স্কোরশিটে নাম লেখান গত বছরের ব্যালন ডি’অর জয়ী ওসমানে ডেম্বেলে।

এর মাধ্যমে ক্যারিয়ারে এমবাপ্পের বিশ্বকাপ গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। অস্ট্রিয়ার বিরুদ্ধে দুই গোলের মাধ্যমে সর্বোচ্চ ১৮ গোল করে এই তালিকায় শীর্ষস্থানে আছেন আর্জেন্টাইন অধিনয়ক লিওনেল মেসি।

স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচটি বিরতির সময় প্রচন্ড বজ্রসহ ঝড়ো হাওয়ার কারণে বন্ধ হয়ে যায়। ম্যাচের শুরুতে আবহাওয়া শুষ্ক ছিল। প্রথমার্ধের শেষভাগে বৃষ্টি শুরু হয়। ৬৪ হাজার ৩২৪ ধারণক্ষমতা সম্পন্ন ফিলাডেলফিয়ার লিনকন ফিনান্সিয়াল ফিল্ডের বেশিরভাগ অংশই ঢাকা ছিল না। ফলে বাধ্য হয়ে সবাইকে কনকোর্সে আশ্রয় নিতে হয়।

প্রায় দুই ঘণ্টারও বেশি সময় পর দ্বিতীয়ার্ধ শুরু হয়। খারাপ আবহাওয়ার কারণে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোন ম্যাচ আয়োজনে সমস্যায় পড়তে হলো আয়োজকদের। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বেশ কিছু এলাকার জন্য কঠোর বিধিনিষেধ ছিল- এই ধরনের পরিস্থিতিতে যেন কোনভাবেই ম্যাচ আয়োজন না করা হয়।

নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ে দুই গোল করেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে এই গোলের মাধ্যম ২৭ বছর বয়সী ফরাশি এই তারকা অলিভার গিরুদকে ছাপিয়ে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠেছেন।



শেয়ার করুন :