মাঠে গড়াতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’। ৯ আগস্ট (রবিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ আগস্ট (রবিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
আদেশে আরও জানানো হয়, প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে মাউশির নির্ধারিত নীতিমালার আলোকে রেজিস্ট্রেশন ফরম পূরণপূর্বক সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের অগ্রায়ণপত্রসহ গঠিত ফুটবল টিম গঠন করে ৭ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট জমা দিতে হবে।
প্রতিযোগিতার ফরম ও কাগজপত্রের ধাপভিত্তিক প্রক্রিয়াকরণ বিষয়ে বলা হয়েছে, উপজেলা পর্যায়ে বিজয়ী দলের সকল কাগজপত্র জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ী দলের কাগজপত্র অঞ্চল পর্যায়ে এবং অঞ্চল পর্যায়ের বিজয়ী দলের যাবতীয় কাগজপত্র জাতীয় পর্যায়ে পাঠাতে হবে।
প্রতিযোগিতার নীতিমালা, সময়সূচি এবং রেজিস্ট্রেশন ফরমসহ যাবতীয় তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
