বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার শেয়ার বিক্রির পরিকল্পনার প্রতিবাদে ফুটবল বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। উয়েফা সদস্যভুক্ত ইউরোপের ৫৫টি দেশের ফুটবল সংস্থার এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উয়েফার ৫৫টি সদস্য দেশ ভবিষ্যতের ফুটবল বিশ্বকাপ কিংবা ফিফা পরিচালিত অন্য কোনো আয়োজনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। সভা শেষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
জানানো হয়, দেশগুলো ফিফার প্রস্তাবগুলোকে ‘সর্বসম্মতিক্রমে ও দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান’ করছে। প্রায় দুই ঘণ্টা স্থায়ী একটি জরুরি বৈঠক ঐক্যবদ্ধ অবস্থানের মধ্য দিয়ে শেষ হয়।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে নতুন একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছেন। এ প্রতিষ্ঠান গঠনের মধ্য দিয়ে ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব একীভূত করাের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যায়নে এই প্রতিষ্ঠানের একাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪২০ কোটি ডলার তোলার পরিকল্পনা করেছে ফিফা। তবে উয়েফা শুরু থেকেই ফিফার এই পরিকল্পনার কড়া সমালোচনা করে আসছিল।
সংস্থাটির ভাষ্য, ফুটবলের আত্মা ও পরিচালনা ব্যবস্থা বিক্রির পণ্য নয়। এই উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবারের সভায় ইউরোপীয় দেশগুলো বিশ্বকাপ বয়কটের পক্ষে ভোট দিলো।
