চলতি বছরের ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। নিজ দেশে ১৫তম আসরের আগে আবারও সাফ সভাপতি হিসেবে নির্বাচিত হলেন কাজী সালাহউদ্দিন।
শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে আয়োজিত সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার এবং বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। ফলে টানা পঞ্চম মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
অনুষ্ঠিত কংগ্রেসের অন্যতম আলোচ্য বিষয় ছিল সাফের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন। তবে সভাপতি পদে সালাহউদ্দিন ছাড়া আর কোনো মনোনয়ন জমা না পড়ায় ভোটের প্রয়োজন হয়নি।
২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। দীর্ঘদিন গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীদের নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। তবে গত বছর কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সেই বয়সসীমা তুলে দেওয়া হয়।
নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকেও বাড়ছে প্রতিনিধিত্ব। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটির সদস্য হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। আর কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।
চলতি বছরের ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। আসরটি উপলক্ষে সম্প্রত ঢাকায় একটি হোটেলে লোগো উন্মোচন করা হয়েছে।
