নিয়মিত ক্রীড়া ভাতা পাওয়ার পরও জাতীয় দলের ফুটবলারদের ‘খেপ’ খেলা নিয়ে সতর্ক করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে এখনই সংশ্লিষ্ট শাস্তির আওতায় নেওয়ার পক্ষে নন তিনি।
টাঙ্গাইল এবং ঝিনাইদহে জাতীয় দলের কয়েকজন ফুটবলার ম্যাচ খেলেছেন যা নিজেও দেখেছেন বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন প্রতিমন্ত্রী।
খেপ খেলার বিষয়ে এক প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, “প্লেয়ারদের (যারা খেপ খেলেন) কাছে আমার প্রশ্ন হচ্ছে এবং আমি বাফুফের কাছেও প্রশ্নটা রাখবো -যেখানে আমরা খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়াভাতা প্রদান করছি, সরকার তাদের মাসিক ভাতা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে খেলোয়াড়দের খেপ খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে?”
তিনি আরও বলেন, “দেশের প্রতি যে একটু আগে বলছিলাম যে, কমিটমেন্টের অভাব। যে তার নিজের প্রতি যে কমিটমেন্টের অভাব সেটার কিন্তু বহিঃপ্রকাশ ইতিমধ্যে পেয়েছি।”
তবে খেপ খেলা ফুটবলারদের বিপক্ষে এখনই শাস্তি চান না প্রতিমন্ত্রী। বলেন, “আমি ব্যস্ততার কারণে এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে কথা বলতে পারিনি, তবে দ্রুতই হয়তোবা কথা বলবো। যে খেলোয়াড়েরা খেপ খেলেছে, সেই বিষয়টি নজরে যেন সতর্ক করা হয়। আমরা প্রথম অবস্থায় সতর্ক করতে চাই, তারপর হয়তোবা ব্যবস্থা নেওয়ার চিন্তা করবো।”
