এএফসি চ্যালেঞ্জ লিগে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশের ফর্টিস এফসি। কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে ১-০ জয় তুলে নিয়েছে ফর্টিস। এ জয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে উঠলো ফর্টিস এফসি।
মঙ্গলাবর (১১ আগস্ট) বসুন্ধরা কিং এরেনায় অনুষ্ঠিত হয় আসরের প্রথম ম্যাচ। প্রথমবারের মতো এএফসি মঞ্চে খেলতে নেমে ইতিহাসও গড়লো বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) সর্বশেষ মৌসুমে তৃতীয় ক্লাব ফর্টিস।
এ জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চে পা রাখতে যাচ্ছে ফর্টিস এফসি। যা বাংলাদেশের ঘরোয়া ফুটবলে শক্ত অবস্থান তৈরি করার পর ফর্টিসের জন্য একটি ঐতিহাসিক মুহূর্তও।
ম্যাচের ৫২তম মিনিটে ইব্রাহিমের দেওয়া একমাত্র গোলটি শেষ পর্যন্ত জয়সূচক গোলে পরিণত হয়। কারণ, ম্যাচের ৭৪তম মিনিটে পেনাল্টি পেয়েও সমতায় ফিরতে পারেনি মুরাস ইউনাইটেড।
নিজেদের চেনা কন্ডিশন এবং গ্যালারির দর্শক নিয়ে প্রতিপক্ষকে বিপক্ষে চাপ রেখেই খেলে ফর্টিস। একাধিকবার আক্রমণে গেলেও গোল পায়নি কোন দল। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে দুই দলই খেলায় গতি বাড়ায়। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে ৫২তম মিনিটে এগিয়ে যায় ফর্টিস। সতীর্থের বাড়ানো বল ধরে একটু এগিয়ে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বল পাস দেন ওমার। সেখানে থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথার জাল খুঁজে নেন ইব্রাহিম।
১-০ গোলে এগিয়ে যাওয়ার পর বিপদ আসে ফর্টিসের শিবিরে। তবে বেঁচে যায় বাংলাদেশের ক্লাবটি। ৭৪তম মিনিটে এরিক বিস্তার হাতে বল লাগলে পেনাল্টি পায় মুরাস। আতাবায়েভ এরবোলের শটে সুজন পেরেইরাকে ফাঁকি দিলেও বল পোস্টে লেগে ফিরে যায়। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস।
