মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারলো বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের ব্যবধানে হারলো বাংলাদেশ। প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলে মালয়েশিয়া। বিপরীতে ছন্নছাড়া বাংলাদেশের ম্যাচের ১৮তম মিনিটেই পিছিয়ে যায়। একের পর এক আক্রমণ সামলালেও মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইয়ানের শট ফেরানো সম্ভব হয়নি। ফলে ১-০ গোলের লিড নেয় মালয়েশিয়া।

ম্যাচের ৩৮তম মিনিটে তপু বর্মণের ভুলে আরও এক গোল হজম করে বাংলাদেশ। তপুর দেওয়া ভুল পাশে বল পেয়ে যান মালয়েশিয়ার সেরা তারকা আরিফ আইমান। বল পেয়ে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ২-০ করেন তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে খানিকটা আক্রমণের চেষ্টা চালায় বাংলাদেশ। তবে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দলের ভুল পাশের সংখ্যা ছিল বেশ। এর মাঝে ম্যাচের ৫২তম মিনিটে আরও একটি গোল হজম করে বাংলাদেশ।

মাঠের ডানপ্রান্ত থেকে আসা বল রিসিভ করে ডান পায়ে শটে বল জালে পাঠান ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো। শটের তেমন গতি না থাকলেও রুখতে পারেনি বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ। ফলে ৩-০ গোলের পিছিয়ে পড়ে।

তিন গোলের ব্যবধানে পিছিয়ে পড়লেও ৭৬তম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন হামজা চৌধুরী। সতীর্থের বাড়িয়ে দেওয়া বলে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়া হামজার সামনে শুধুই মালয়েশিয়ার গোলরক্ষক ছিলেন। তবে সেই শটও রুখে দেন মালয়েশিয়ার গোলকিপার।

এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ১৩৬ র‌্যাংকিংধারী মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে থমাস ডুলির শিষ্যরা।



শেয়ার করুন :