দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানের জয় তুলে নিল ব্রাজিল। অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে সফর শেষ করল ব্রাজিল ফুটবল দল। প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গুইমারায়েস ও ভিনিসিয়াস জুনিয়র। আর অস্ট্রেলিয়ার হয়ে আলেসান্দ্রো চিরকাতি ও কনর মেটকাফ একটি করে গোল করেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিজবেনে ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বক্সের ভেতর থেকে গাব্রিয়েল বন্তেম্পোর পাসে কোনাকুনি শুটে গোল করেন ভ্যান্ডারসন। তবে ২৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। কর্নার থেকে চিরকাতির দারুণ ফ্লিকে বল ব্রাজিলের জালে জড়ায়।
ম্যাচে সমতা ফিরিয়ে উজ্জীবিত হয়ে উঠে অস্ট্রেলিয়া। সেই ধারাবাহিকতায় ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অসিরা। ডি বক্সের ঠিক বাইরে থেকে মেটকাফের দুর্দান্ত শটে ঝাঁপিয়ে পড়েও হাতের নাগালে নিতে পারেননি ব্রাজিলের গোলরক্ষক ওটাভিও। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফিরে ব্রাজিল। ম্যাচের ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে রাফিনহার গোলে ২-২ সমতা ফেরায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে ম্যাচে লিড নেয় ব্রাজিল। ভিনিসিয়াসের কাটব্যাক থেকে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন গুইমারায়েস। এরপর ৮০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ব্রাজিলের ভিনিসিয়াস। শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সফর শেষ করে ব্রাজিল।
