ইউনিয়নে খেলার মাঠ, দেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৯ অক্টোবর ২০২৬
ইউনিয়নে খেলার মাঠ, দেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার মাধ্যমে নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়া'র দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বিশ্বাস করেন, পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্ম খেলাধুলায় যুক্ত হলে আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে।

শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে আয়োজিত আন্তঃস্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব কথা বলেন।

প্রতিযোগিতার উদ্বোধনী সন্ধ্যায় উপস্থিত উদীয়মান ক্ষুদে অ্যাথলেট, তাদের অভিভাবক ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্যের সূচনা করেন প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, সারা দেশে খেলার মাঠ সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষ্যে ইতিমধ্যে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে মাঠ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। এর প্রথম ধাপে আগামী ডিসেম্বরের মধ্যে ১ হাজার ইউনিয়নে ১ হাজার মাঠ খেলার উপযোগী করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

খেলাধুলাকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উল্লেখ করে আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গন দল-মত নির্বিশেষে সকলকে এক সূত্রে গেঁথে বাংলাদেশি পরিচয়ে উদ্বুদ্ধ করে। আমাদের তরুণ অ্যাথলেটদের বছরব্যাপী মানসম্মত অনুশীলনের সুযোগ দেওয়া গেলে এশিয়ান গেমস, কমনওয়েলথ কিংবা অলিম্পিকের মতো বৈশ্বিক আসর থেকেও পদক জয় করা সম্ভব হবে।

জাতীয় ক্রীড়া পরিষদের বিদ্যমান জিমনেশিয়ামটি পূর্ণাঙ্গভাবে জিমন্যাস্টিকস ফেডারেশনের কাছে হস্তান্তরের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী জানান, এখানে অনুশীলনরত তায়কোয়ান্দো দলকে কমলাপুর বা অন্য কোথাও স্থানান্তরিত করা হবে। এছাড়া এনএসসির পুরাতন ভবন ও সুইমিং পুলের জায়গায় একটি বহুতল সমন্বিত স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চলছে, যেখানে জিমন্যাস্টিকস, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল ও টেবিল টেনিসসহ সব ইনডোর খেলার জন্য আলাদা আধুনিক অবকাঠামো বরাদ্দ দেওয়া হবে।

এবারের আন্তঃস্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ৫৪টি স্কুলের ২২২ জন জিমনাস্ট অংশ নিচ্ছে, যার মধ্যে ১১৮ জন বালক এবং ১০৪ জন বালিকা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিষয়ঃ

শেয়ার করুন :