যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দাবানল সমাজ কল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসাদের উদ্যোগে আয়োজিত দাবা ও ক্যারম টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের প্রথম গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রামপুরায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি গাজী সাইফুল তারেক।
১৯৭৫ সালের স্থাপিত ক্লাবটি বরাবরই সামাজিক বিভিন্ন কাজে অবদান রেখে আসছে। যুব শক্তিকে সামাজিক কাজে লাগানোর লক্ষ্যে বিভিন্ন খেলা এবং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে দাবানল সংসদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নিয়াজ মোর্শেদ বলেন, খেলা মানুষের মানসিক শান্তি আনার এক মাত্র মাধ্যম। খেলাই পারে মানুষ সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখতে। এমন আয়োজন করে আমাকে ডাকার জন্য আপনাদের ধন্যবাদ। সামনে ডাকলে আমি আবারও আসব। আমার পক্ষ থেকে সকল সহযোগিতা থাকবে।
ক্লাবের সভাপতি গাজী সাইফুল তারেক বলেন, দাবানল সমাজ কল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকে। বর্তমান সমাজের একটা বড় যুব শক্তি মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। মাদক থেকে যুব শক্তিকে রক্ষা ও সামাজিক কল্যাণমূলক কাজের ব্যবহার করতেই আমরা বিভিন্ন খেলা আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় দাবা ও ক্যারম টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।
দাবা প্রতিযোগিতায় ২০ জন এবং ক্যারম প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং প্রাইজমানী তুলে দেওয়া হয়।
