জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে রাজশাহীতে ৯টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশন ফুটবল দল নিয়ে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২২ আগস্ট) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে বাগমারা উপজেলা ফুটবল দলকে পরাজিত করেছে।
ম্যাচের শুরুতে বাগমারা উপজেলা ফুটবল দল রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দলের উপর কিছুটা আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দল নিজেদেরকে গুছিয়ে নেয়। এরপর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলতে থাকে। কিন্তু কোনো পক্ষই গোল করতে না পারায় ম্যাচের প্রথমার্ধে গোল শূন্যভাবে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে রাজশাহী সিটি করপোরশন ফুটবল দল বেশ কিছুটা উজ্জীবিত হয়ে খেলতে থাকে। দলের শক্তি বৃদ্ধির জন্য তারা দলে তিনজন নাইজেরিয়ান ফুটবলারকে দলভুক্ত করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে তারাও অনেকটাই আক্রমণাত্মক হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বাগমারার পেনাল্টি বক্সে একটি ফাউল হলে রেফারি রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দলের পক্ষে পেনাল্টি দিলে ম্যাচে উত্তেজনা দেখা দেয়।
রেফারি তার সিদ্ধান্তে অটল থাকলে বাগমারা খেলতে অস্বীকৃতি জানায় এবং মাঠ ছেড়ে বাইরে চলে যায়। পরবর্তীতে টুর্নামেন্ট কমিটির হস্তক্ষেপে বাগমারা উপজেলা ফুটবল দল মাঠে ফিরে আসে। পেনাল্টি থেকে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দলের পক্ষে নাইজেরিয়ান ফুটবলার গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পরবর্তী সময়ে উভয় দলই গোল করার সুযোগ পেলেও কোন দলই তা কাজে লাগাতে নাা পারায় ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকে।
ম্যাচের আগে বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ট্রফি উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মাসকট প্রবেশ এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এছাড়া অন্যান্যদের মাঝে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট উপস্থিত ছিলেন।
উদ্বোধনকে ঘিরে স্টেডিয়ামে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। স্টেডিয়ামে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিত ছিল।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
