রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চার সেমি-ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। আসরে পবা, মোহনপুর, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা ফুটবল দল সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে।
সোমবার (৩১ আগস্ট) প্রথম সেমি-ফাইনালে পবা উপজেলা গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দলের বিপক্ষে এবং ২ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে দুর্গাপুর উপজেলা ও পুঠিয়া উপজেলা ফুটবল দলের মোকাবেলা করবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
শুক্রবার (২৮ আগস্ট) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুঠিয়া উপজেলা ফুটবল দল মিজানুরের দেয়া একমাত্র গোলে চারঘাট উপজেলা ফুটবল দলকে পরাজিত করে সর্বশেষ দল হিসেবে সেমি-ফাইনালে উন্নীত হয়।
ম্যাচে কোনো দলই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারেনি। ম্যাচের শুরু থেকে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলতে থাকে। ম্যাচের ১৮তম মিনিটে পুঠিয়া উপজেলা ফুটবল দলের মিজানুর গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন।
এরপর উভয় দলই একাধিক গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে না পারায় ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকে। এ অবস্থায় বিরতির বাঁশি বেজে ওঠে।
বিরতির পর চারঘাট উপজেলা ফুটবল দল যেমন গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে তেমনি পুঠিয়া উপজেলা ফুটবল দল গোল ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে। তবে কোনো দলই আর কোনো গোল করতে না পারায় ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকে। চারঘাট উপজেলা ফুটবল দল একজন নাইজেরিয়ান ফুটবলারকে দলভুক্ত করে দলের শক্তি বাড়ানোর চেষ্টা করেও সফল হতে পারেনি।
ম্যাচটি পরিচালনা করেন সোহাগ আলী। তাকে সহযোগিতা করেন সুমন ও সোহেল। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন বুলু।
পুঠিয়া-চারঘাট ম্যাচটি উপভোগ করতে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, এনডিসি মো. বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক, সাবেক ফুটবলার আলী আফতাব তপন, মুরাদুজ্জামান এলান-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
