বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে রোববার (৩০ নভেম্বর)। তবে ড্রাফটের আগের দিন নতুন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে গত বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটারদের বাদ দেওয়া হয়েছে।
নিলামের জন্য নতুন করে প্রকাশিত তালিকা নেই জাতীয় দলে খেলা দুই ক্রিকেটার- এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে আগে বিসিবি আগে কখনো ফিক্সিংয়ের সন্দেহে থাকাদের নাম প্রকাশ না করলেও এবার তা জানা হয়ে গেল।
আসন্ন বিপিএলের নিলামের জন্য স্থানীয় ক্রিকেটারদের খসড়া তালিকায় ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদেরও নাম রেখেছিল বিসিবি। তবে বিসিবির দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের পরামর্শে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় সন্দেহভাজনদের বাদ দেওয়া হয়েছে।
প্রকাশিত তালিকায় মোসাদ্দেক ও বিজয় দু'জনেই ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন। যে ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ২২ লাখ টাকা ধরা হয়েছে। তাদের বাদ দেওয়ার পর নতুন করে ‘সি’ ক্যাটাগরিতে স্পিনার আলিস আল ইসলামকে যুক্ত করা হয়েছে।
জানা গেছে, ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা মোট ৯ জনকে এবারের আসরের নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে এনামুল হক বিজয় সবচেয়ে বড় নাম।
বিপিএলে এবারের আসরের নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় ১৫৯ জনের জায়গা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন দু’জন- লিটন দাস ও নাঈম শেখ।
এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন , ‘সি’ ক্যাটাগরিতে ১৭ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ জন এবং ‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন ৬৩ জন ক্রিকেটার।
এবারের নিলামের নিয়ম অনুযায়ী- প্রতিটি দল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ২, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৬, ‘ই’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৩ এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজন ক্রিকেটাকে কিনতে হবে।
