বিসিবির কাছে ‘ফিক্সিংয়ের’ প্রমাণ চান এনামুল হক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ পিএম, ২৯ নভেম্বর ২০২৫
বিসিবির কাছে ‘ফিক্সিংয়ের’ প্রমাণ চান এনামুল হক

বিপিএলে খেলোয়াড় নিলামের তালিকা থেকে নাম বাদ দেওয়ায় ‘ফিক্সিং’-এর প্রমাণ চাইলেন এনামুল হক বিজয়। অন্যথায় যে সম্মানহানি হয়েছে সেটা ফেরত চান জাতীয় দলে এ ক্রিকেটার।

শনিবার (২৯ নভেম্বর) দিনগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে লাইভে এসে তিনি এসব কথা বলেন। বিসিবির পরিচালকদের ফোল কলে না পেয়ে বাধ্য হয়ে স্যোশাল মিডিয়ার স্মরণাপন্ন হয়েছেন বলেও জানান তিনি।

ফেসবুক লাইভে ‘ফিক্সিং’ এর প্রমাণ চাওয়ার পাশাপাশি বিপিএলের গত আসরে রাজশাহীর হয়ে খেলা বিজয় এখনো ৩০ লাখ টাকা পান বলে জানিয়েছেন। বলেন, বিষয়টি বিসিবিতে বেশ কয়েকবার জানালেও কোন সমাধান পাননি।

ফেসবুক লাইভে বিজয় বলেন, আমাকে যে ড্রাফট থেকে (বিপিএল প্লেয়ার ড্রাফট) বাদ দেওয়া হলো, সেটার কারণ আমাকে জানান। আমি জানতে চাই, কারণ আপনাদের আমি ফোনে পাচ্ছি না। আমি জানতে চাই, সমাধানটা কী হবে?

ফিক্সিং অভিযোগ নিয়ে তিনি বলেন, আপনাদের কাছে যদি কোন প্রমাণ থাকে আমাকে সাসপেন্ড করে দেন। আমি খুশি মনে মেনে নেব, সারা বাংলাদেশের মানুষ জানুক। আর যদি না হয়, তাহলে আমার এ সম্মান (যেটা নষ্ট হলো), সেটা আপনাকে ফেরত দিতে হবে। এই আমার মানহানি যে হচ্ছে সেটা আপনাকে ফেরত দিতে হবে।

বিজয় বলেন, আমি বিসিবির কাছ থেকে পর্যাপ্ত সম্মানটা পেলাম না বা পাচ্ছি না। যে সম্মানটা আমি ডিজার্ভ করি। আমি আমার নিজেকে বলতে পারি, আমি শতভাগ ওনেস্ট। আমি কোন ধরণের ইলিগ্যাল কাজ করিনি, যেটাতে আমি অপরাধী বোধ করতে পারি।

এর আগে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য প্লেয়ার ড্রাফটের চূড়ান্ত তালিকা থেকে এনামুল হক বিজয়-সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়। বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ‘ফিক্সিংয়ের সন্দেহ’ রয়েছে এবং তদন্ত এখনো চলমান রয়েছে।



শেয়ার করুন :