এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরেই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করে বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, খেলোয়াড়দের ম্যাচ ফি ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে।
আট দল নিয়ে সেপ্টেম্বরে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগের মৌসুমের মতো সাতটি বিভাগীয় দল এবং ঢাকা মেট্রো টুর্নামেন্টে অংশ নেবে। দল একই থাকলেও এবার বাড়ানো হচ্ছে ভেন্যুর সংখ্যা।
আকরাম খান বলেন, “আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। প্রতি ম্যাচের জন্য ম্যাচ ফি ২৫ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।”
গত বছর প্রথমবারের মতো শুরুর পর এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট স্থানীয় খেলোয়াড়দের কাছে জনপ্রিয় হয়ে উঠে। একমাত্র এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের মেলে ধরার সুযোগ পায় তরুণ ক্রিকেটাররা।
গত বছর টুর্নামেন্টের একমাত্র ভেন্যু হিসেবে সিলেটে খেলা হয়েছিল। তবে এবার টুর্নামেন্টটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ জন্য আসন্ন আসরটি সিলেট, বগুড়া এবং রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
