২৭তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিন শেষে ২৬৪ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক রাজশাহী। বিপরীতে জয় পেতে চট্টগ্রামের বিভাগের প্রয়োজন ৬ উইকেট।
চার দিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৭৭ রান করে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় ৪৮৩ রান। প্রথম ইনিংসে ৪০১ রান করেছিল চট্টগ্রাম। বিপরীতে ১৯৬ রানে গুটিয়ে গিয়েছিল রাজশাহী।
প্রথম ইনিংস থেকে ২০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষে চার উইকেটে ১৩৩ রান করলে চট্টগ্রামের লিড দাঁড়ায় ৩৩৮ রান, দিন শেষে তাদের হাতে ছিল আরও ৬ উইকেট। তৃতীয় দিন ৯ উইকেটে ২৭৭ রানে ইনিংস ঘোষণা করে তারা।
তৃতীয় দিন শেষে রাজশাহী চার উইকেটে ২১৯ রান সংগ্রহ করেছে। ফলে জয়ের জন্য রাজশাহীর এখনও প্রয়োজন ২৬৪ রান। শেষ দিনে হাতে থাকা ৬ উইকেটে তাদের এ রান করতে হবে। অন্যদিকে, ম্যাচ জিততে চট্টগ্রামের প্রয়োজন ৬ উইকেট।
দ্বিতীয় ইনিংসে রাজশাহীর হাবিবুর রহমান করেন ৪৫ রান। এছাড়া তৃতীয় দিন শেষে প্রিতম কুমার ৫৬ ও মেহরাব ৫৪ রানে অপরাজিত আছেন।
এর আগে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের ইয়াসির ৯২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। মাহমুদুল করেন ৫১ রান। রাজশাহীর শফিকুল ৬৬ রানে ৪ টি ও পিয়াল ৩৫ রানে ৩ টি উইকেট দখল করেন।
এদিকে, দিনের খেলা শেষে বরিশাল বিভাগীয় দলের ফিজিওথেরাপিস্ট মো. হাসান আহমেদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সোমবার খুলনা ভেন্যুতে ম্যাচ চলাকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
