রুবাবা দৌলাকে বিসিবির পরিচালক বানানো এনএসসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৩ নভেম্বর ২০২৫
রুবাবা দৌলাকে বিসিবির পরিচালক বানানো এনএসসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে অবশেষে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকেই মনোনীত করলো জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচনের পর ইসফাক আহসানকে নিয়ে বিতর্ক তৈরি হলে প্রায় এক মাস পর তার পরিবর্তে দৌলাকে মনোনীত করলো এনএসসি।

রুবাবা দৌলাকে মনোনীত করে সোমবার বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর মধ্য দিয়ে বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ সদস্যের পূর্ণতা পেল।

বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন রুবাবা দৌলা। ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু প্রথম নারী হিসেবে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রুবাবা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।

এছাড়া রুবাবা দৌলা দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত আছেন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন রুবাবা।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজনকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করা হয়। রুবাবা দৌলা ছাড়াও এনএসসি থেকে আরেকজন প্রতিনিধি হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।



শেয়ার করুন :