জাতীয় ক্রীড়া সংস্থাসমূহের কার্যক্রমে সমন্বয় ও গতিশীলতা বৃদ্ধি, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে জাতীয় ক্রীড়া সংস্থাসমূহের নবনিযুক্ত ২৭টি অ্যাডহক কমিটির সঙ্গে মতবিনিময় সভা করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে দুই ধাপে অনুষ্ঠিত হবে এ মতবিনিময় সভা।
সভায় দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়ার অগ্রযাত্রাকে আরও বেগবান করার লক্ষ্যে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হবে। সভায় নবনিযুক্ত ২৭টি অ্যাডহক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সকল সদস্যরা উপস্থিত থাকবেন।
রবি এবং সোমবার (১৬ ও ১৭ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। রবিবার বেলা ১১টায় ১৪টি এবং পরদিন সোমবার বেলা সাড়ে ১১টায় বাকি ১৩টি (মোট ২৭টি) জাতীয় ক্রীড়া সংস্থার নবনিযুক্ত অ্যাডহক কমিটির সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, অতিরিক্ত সচিব (ক্রীড়া-১) আমেনা বেগম এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দেলোয়ার রহমান খান।
