‘বাংলাদেশকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে’- আইসিসির সূত্রের বরাত দিয়ে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকইনফোর সংবাদ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি থেকে বিসিবি এ সংক্রান্ত কোন আল্টিমেটাম পায়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে আইসিসির সূত্রের বরাত দিয়ে ক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবী করা হয, আইসিসি এন সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবী মানছে না আইসিসি। বাংলাদেশ যদি ভারতে খেলতে না চায তাহলে পয়েন্ট হারাতে হবে।
বিষয়টি বাংলাদেশের সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচারিত হলে বুধবার (৭ জানুয়ারি) বিসিবি থেকে বিস্তারিত তথ্য জানানো হয়। যেখানে ক্রিকইনফোতে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন এবং মিথ্যা দাবী করা হয়।
বিসিবি জানায়, নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানোর অনুরোধে আইসিসি থেকে বিসিবি একটি প্রতিক্রিয়া পেয়েছে। আইসিসির পাঠানো বার্তায় টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
একই সাথে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলোর সমাধানে আইসিসি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে, ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত স্বাগত জানানো হবে ও যথাযথভাবে বিবেচনা করা হবে।
বিসিবি আরও জানায়, গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনের কথাও বিসিবির নজরে এসেছে, যেখানে বলা হয়েছে যে, এই প্রসঙ্গে বোর্ডকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। তবে বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি থেকে প্রাপ্ত যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুকে প্রতিফলিত করে না।
