বিশ্বকাপের গ্রুপ পরিবর্তন বিষয়ে আইসিসি সাথে বিসিবির আলোচনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের গ্রুপ পরিবর্তন বিষয়ে আইসিসি সাথে বিসিবির আলোচনা

নিরাপত্তার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটুট রয়েছে বাংলাদেশ। আইসিসির প্রতিনিধি দলের সাথে বৈঠকে বিসিবি বিষয়টি পুর্নব্যক্ত করেছে। একই সাথে বিশ্বকাপে গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়েও উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ঢাকার আইসিসি প্রতিনিধি দলের সাথে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি দল বৈঠক করেন।

বিসিবি জানায়, ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বিসিবি আইসিসি প্রতিনিধিদের সাথে একটি বৈঠক করেছে। আলোচনায় বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বিসিবি।

বিসিবি ক্রিকেট দল, ভক্ত, মিডিয়া এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কে বাংলাদেশ সরকারের মতামত এবং উদ্বেগের বিষয়টি আইসিসি প্রতিনিধি দলের সাথে শেয়ার করেছে। বৈঠকটি গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ এবং পেশাদার পদ্ধতিতে পরিচালিত হয়েছে, যেখানে উভয়পক্ষ প্রাসঙ্গিক বিষয়গুলোতে খোলামেলাভাবে আলোচনা করেছে।

বিসিবি আরও জানায়, অন্যান্য বিষয়গুলোর মধ্যে ন্যূনতম লজিস্টিক সমন্বয়ের মাধ্যমে সহজতর করার উপায় হিসাবে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে আইসিসি প্রতিনিধিদলের প্রতিনিধিত্ব করেন ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তবে গৌরব সাক্সেনার নির্ধারিত সময়ে ভিসা না পাওয়ায় ভার্চুয়ালি যোগ দেন।

এছাড়া বিসিবির পক্ষ থেকে সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।



শেয়ার করুন :